‘সত্য একদিন আলো ছড়াবেই আমি অন্যায়ের বিচার চাই’


আলমগীর কবির , আপডেট করা হয়েছে : 19-08-2026

‘সত্য একদিন আলো ছড়াবেই আমি অন্যায়ের বিচার চাই’

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সম্প্রতি খল অভিনেতা ডনকে গ্রেফতার ও নতুন জবানবন্দির পর দেশজুড়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে দূর অস্ট্রেলিয়া থেকে সোশ্যাল মিডিয়ায় একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন সালমান শাহর সফল পর্দা-সঙ্গী ও জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। লিখেছেন, ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী।’ মামলার বর্তমান পরিস্থিতি, গুঞ্জন ও তার এই স্ট্যাটাসের পেছনের কথা জানতে অস্ট্রেলিয়া থেকে মোবাইলফোনে তিনি কথা বলেছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দেশ পত্রিকার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আলমগীর কবির

প্রশ্ন: ইনস্টাগ্রামে ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’ এই একটি লাইন লিখে আপনি কী বার্তা দিতে চেয়েছেন?

শাবনূর: দেখুন, সত্যকে সাময়িকভাবে ঢেকে রাখা যায়, কিন্তু কখনো মুছে ফেলা যায় না। এতগুলো বছর পর আজ যখন সত্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে, নতুন নতুন তথ্য সামনে আসছে, তখন মনের ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবেই কথাটা এসেছে। সত্যের জয় একদিন হবেই, এটিই প্রকৃতির নিয়ম।

প্রশ্ন: সালমান শাহ হত্যা মামলায় ডনের গ্রেফতার এবং আদালতে দেওয়া চাঞ্চল্যকর তথ্যগুলো কীভাবে দেখছেন?

শাবনূর: খবরগুলো আমিও গণমাধ্যমের মাধ্যমে দেখছি। যা শুনছি তা সত্যিই শিউরে ওঠার মতো! এতদিন ধরে যে বিষয়গুলোকে ঘিরে এত ধোঁয়াশা ছিল, সেগুলোর জট এখন খুলতে শুরু করেছে। আমি বরাবরই চেয়েছি বিচার হোক। যদি সত্যিই তাকে নির্মমভাবে হত্যা করা হয়ে থাকে, তবে জড়িত প্রতিটি আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

প্রশ্ন: এই ঘটনার পর কিছু মহল থেকে আবার নতুন করে আপনার নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে, এমনকি গ্রেফতারের দাবিও উঠছে। বিষয়টি আপনাকে কতটা ব্যথিত করে?

শাবনূর: এটা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। কিছু মানুষ না জেনে, না বুঝে হুজুগে মন্তব্য করেন। সালমানের মৃত্যুর পর থেকেই একশ্রেণির মানুষ আসল ঘটনা থেকে দৃষ্টি সরাতে আমাকে জড়িয়ে নানা মনগড়া গল্প বানিয়েছে। কিন্তু শুরু থেকেই আমি স্পষ্ট করে বলেছি, সালমানের সঙ্গে আমার সম্পর্ক ছিল পেশাদারিত্ব ও ভাই-বোনের। আমরা একসঙ্গে ১৪টি সিনেমা করেছি, আমাদের জুটি দর্শক ভালোবাসতেন। এর বাইরে আমাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক ছিল না।

প্রশ্ন: সালমানের মা নীলা চৌধুরীও সম্প্রতি বলেছেন, সালমানের সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক ছিল না এবং সালমান আপনাকে বোনের মতোই দেখতেন। ওনার এই বক্তব্যের বিষয়ে কিছু বলবেন?

শাবনূর: আন্টি (নীলা চৌধুরী) সত্য কথাটা বলেছেন এবং আমি তার প্রতি কৃতজ্ঞ। কারণ তিনি সালমানকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন, আমাদের কাজের পরিবেশটাও জানতেন। সালমানের মা নিজেই যখন স্পষ্ট করে দিয়েছেন, আশা করি এবার সব অপপ্রচার বন্ধ হওয়া উচিত। এক মা হিসেবে তিনি দীর্ঘ ২৭-২৮ বছর ধরে সন্তানের হত্যার বিচারের জন্য লড়ে যাচ্ছেন, ওনার কষ্টটা আমি গভীরভাবে উপলব্ধি করি।

প্রশ্ন: ‘তুমি আমার’, ‘সুজন সখী’ থেকে শুরু করে একের পর এক ব্যবসাসফল সিনেমা করেছেন আপনারা। সহশিল্পী হিসেবে সালমান শাহ কেমন ছিলেন?

শাবনূর: সালমান ছিল এক অনন্য সাধারণ প্রতিভা। চলচ্চিত্রে তার মতো ফ্যাশন সচেতন ও গুণের শিল্পী খুব কমই এসেছে। কাজের ক্ষেত্রে সে ছিল ভীষণ সহযোগী। স্ক্রিনে আমাদের যে কেমিস্ট্রি দর্শক দেখেছিলেন, তা ছিল কেবলই আমাদের পারস্পরিক বোঝাপড়া ও অভিনয়ের গুণ। সে বেঁচে থাকলে আজ বাংলা চলচ্চিত্র আরও অনেক দূর এগিয়ে যেত।

প্রশ্ন: সালমান শাহর বিচারপ্রার্থী ভক্ত এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনার শেষ বার্তা কী?

শাবনূর: আমি ভক্তদের বলব আবেগপ্রবণ হয়ে ভুল মানুষকে অভিযুক্ত করবেন না। তদন্ত সঠিকভাবে এগোচ্ছে, আইন তার নিজস্ব গতিতে চলুক। আসামিরা যেন কোনোভাবেই ছাড় না পায়। সালমান আমার ভাইয়ের মতো ছিল, সহশিল্পী ছিল। আমি অন্তর থেকে চাই এই বিচার প্রক্রিয়া যেন দ্রুত শেষ হয় এবং সালমানের আত্মা শান্তি পায়। সত্যের জয় নিশ্চিত।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)