নতুন গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ পরিকল্পনায় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অবশ্য পালনীয়


সালেক সুফী , আপডেট করা হয়েছে : 19-08-2026

নতুন গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ পরিকল্পনায় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অবশ্য পালনীয়

পাঁচ দশক ১৯৭৮-২০২৬ বাংলাদেশ, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া, পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়ায় উচ্চ চাপ গ্যাস পাইপলাইন নির্মাণ কাজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি বাংলাদেশে নতুন গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ পরিকল্পনায় অত্যাবশ্যকীয়ভাবে আন্তর্জাতিক আইন আর বিধিমালার আলোকে প্রণীত বাংলাদেশ গ্যাস আইন ২০১০ বিধিবিধানসমূহ অত্যাবশ্যকীয়ভাবে পালন করতেই হবে। সবাই জানে গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণকাজে ১০ মিটার প্রস্তের ন্যূনতম পথসত্ব চিরস্থায়ীভাবে অধিগ্রহণ এবং নির্মাণে ১৫ মিটার প্রস্তের পথসত্ব রিকুইজিশন করতে হয় নির্মাণ ভারী যন্ত্রপাতি এবং উপকরণসমূহ পরিবহনের জন্য। ৩৬” বা ৪২” বাসের একটি কংক্রিট কোটেড পাইপ ৮-১০ টনের হতে পারে। অনেক ক্ষেত্রে বাংলাদেশের জলাভূমিতে লাইনপাইপ আর নির্মাণ উপকরণ পরিবরণ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। জানামতে, মহেশখালী-আনোয়ারা সঞ্চালন পাইপলাইন দুটি এবং বিবিয়ানা-ধানুয়া সঞ্চালন পাইপলাইনের কিছু অংশ নানাকারণে নাজুক অবস্থায় আছে।

এখন আসি আসল প্রসঙ্গে। দেশের গ্যাস সরবরাহ ব্যাবস্থায় বর্তমান আতংক জনক পরিস্থিতি মোকাবিলায় সরকার অগ্রাধিকার ভিত্তিতে আরো এফএস আরো নির্মাণের উদ্যোগ নিয়েছে। এমনকি মাতারবাড়িতে নির্মাণ পরিকল্পনায় থাকা ল্যান্ড বেসড এলএনজি টার্মিনাল বাস্তবায়ন ত্বরান্বিত করার ব্যবস্থা নিচ্ছে। সবাই জানে মাতারবাড়ী, মহেশখালী থেকে আমদানিকৃত এলএনজি জাতীয় গ্যাস গ্রিডে সঞ্চালনের জন্য জিটিসিএল নির্মিত এবং পরিচালিত দুটি সঞ্চালন পাইপলাইন সর্বোচ্চ ১৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পরিবহন সম্ভব। অতিরিক্ত গ্যাস সঞ্চালন করতে হলে তৃতীয় সমান্তরাল পাইপলাইনসহ মিড স্ট্রিম সঞ্চালন পাইপলাইন নির্মাণ করতে হবে। লেখক নিজে কৈলাশটিলা থেকে আশুগঞ্জ পর্যন্ত বিদ্যমান ২৪” বাসের উত্তর দক্ষিণ পাইপলাইন সমান্তরালে ৩০ ইঞ্চি বাসের রশিদপুর আশুগঞ্জ পাইপলাইন নির্মাণ ব্যবস্থাপনাসহ অনেক সঞ্চালন পাইপলাইন নির্মাণ কাজে যুক্ত ছিলাম। আমার অনুজ সহকর্মীরা ইতি মধ্যে কয়েকটি বিশাল গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণকাজে ব্যাপক বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। ওদের সবার বাংলাদেশ গ্যাস অ্যাক্ট, ২০১০ জানা আছে. আমি জ্বালানি সেক্টর পলিসি মেকার্সদের কাছে বিনীত অনুরোধ জানাবো বাংলাদেশে নতুন কোনো পাইপলাইন নির্মাণ পরিকল্পনায় এ কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন পেশাদার কারিগরি কর্মকর্তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়।

উচ্চচাপে চালু থাকা কোনো গ্যাস পাইপলাইন নির্মাণ পরিকল্পনায় অত্যাবশ্যকীয়ভাবে গ্যাস আইন ২০১০ মানতে হবে। পুরোনো পাইপলাইন থেকে ন্যূনতম দূরত্ব বজায় রেখে নতুন পথসত্ব অধিগ্রহণ করতে হবে। নির্মাণকাজ পরিকল্পনা এবং বাস্তবায়ন এ কাজে ভারপ্রাপ্ত নির্দিষ্ট কোম্পানির মাধ্যমে করাতে হবে। কোনো অবস্থায় এর ব্যত্যয় হলে মারাত্মক গ্যাস দুর্ঘটনায় দেশের জ্বালানি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আমি নিজে দেশ-বিদেশে বেশকিছু গ্যাস দুর্ঘটনা বিষয়ে অবহিত। আমি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এবং বাংলাদেশ ডিপার্টমেন্ট অব এক্সপ্লোসিভকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)