বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি ও তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনকে ‘অনুমাননির্ভর’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে নিজেদের স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে সংগঠনটি।
কী ছিল জাতিসংঘের প্রতিবেদন
বাংলাদেশে সন্ত্রাসী সেল বা নেটওয়ার্ক প্রতিষ্ঠার জন্য আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) চেষ্টা চালাতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদা সংক্রান্ত অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের ৩৮তম প্রতিবেদনে এই কথা তুলে ধরা হয়। প্রতিবেদনটি ২৪৭৪ (২০২৪) সনদের অধীনে প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের নভেম্বরে দিল্লির লাল কেল্লায় হামলা আনুষ্ঠানিকভাবে একিউআইএস চালিয়েছিল বলে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি সংগঠনটি বাংলাদেশকে ঘাঁটি বানিয়ে সন্ত্রাসী সেল গড়ে তোলার চেষ্টা করছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
জাতিসংঘের বর্তমান নিষেধাজ্ঞা তালিকার বাইরে থাকা একিউআইএস একটি খণ্ডিত সংগঠন থেকে ধীরে ধীরে একটি আঞ্চলিক সন্ত্রাসী সংস্থায় রূপান্তরিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বর্তমানে গোষ্ঠীটি বৃহৎ কোনো সাংগঠনিক ইউনিটের বদলে বিকেন্দ্রীভূত, ছোট ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা সেল বা নেটওয়ার্কের ওপর বেশি নির্ভর করছে এবং লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, সামগ্রিকভাবে বিশ্বব্যাপী হুমকির মাত্রা অপরিবর্তিত থাকলেও সাহেল অঞ্চল এবং দক্ষিণ এশিয়ায় এটি আরো তীব্র হয়েছে। তবে আল কায়েদার উচ্চপর্যায়ের নেতৃত্ব বর্তমানে কিছুটা কোণঠাসা অবস্থায় রয়েছে এবং তাদের আন্তর্জাতিক পরিসরে বড় কোনো অভিযান পরিচালনা করার সক্ষমতা এখনো অস্পষ্ট।
দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে, বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তজুড়ে হামলা পাল্টা হামলার প্রেক্ষাপটে। প্রতিবেদন অনুযায়ী, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) কর্তৃক পাকিস্তানে একের পর এক হামলার কারণে এ উত্তেজনা বেড়েছে। প্রকাশ্যে অস্বীকার করলেও আফগানিস্তানের তালেবান এখনো টিটিপিকে সহায়তা দিয়ে যাচ্ছে।
যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি প্রতিবেদনটি সরাসরি পড়েননি। তবে যতটুকু শুনেছেন, সেখানে কিছু বিষয় অনুমানের ভিত্তিতে বলা হয়েছে। তাই এমন অনুমাননির্ভর প্রতিবেদনের ভিত্তিতে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।