চৌমুহনী ক্লাব ইউএসএর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত


রুদ্র মাসুদ , আপডেট করা হয়েছে : 12-08-2026

চৌমুহনী ক্লাব ইউএসএর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী অঞ্চলের প্রবাসীদের প্রাণপ্রিয় সংগঠন চৌমুহনী ক্লাব ইউএসএর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ৪ আগস্ট নিউইয়র্কের সানকেন মিডও স্টেট পার্কে দিনব্যাপী এ বনভোজনে সংগঠনের সদস্য, সদস্যদের পরিবার-পরিজন ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শুভান্যুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী বনভোজন চৌমুহনীবাসীর মিলনমেলায় পরিণত হয়। সানকেন মিডও স্টেট পার্ক হয়ে উঠে যেন এক টকুরো চৌমুহনী। 

বনভোজনে শিশু-কিশোর ও নারী-পুরুষদের দৌড় প্রতিযোগিতা, ক্রিকেট, ফুটবল, বালিশ খেলা মোরগ লড়াইসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বার্ষিক এ আয়োজনে যুক্তরাষ্ট্রের নানাপ্রান্ত থেকে ছুটে আসেন অনেকে। দীর্ঘদিন পর দেখা হয়ে একে অপরের সঙ্গে খোশগল্পে মেতে উঠে, আনন্দ ভাগাভাগি করে নেয়। দিনব্যাপী আয়োজনের ফাঁকে শুভেচ্ছা জানাতে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও। 

সকাল থেকে বিভিন্ন পর্বে খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো। সমুচা, সিঙ্গাড়া ভেজে পরিবেশন, মিষ্টান্ন পরিবেশন চলে নিয়মিত। সবশেষে অনুষ্ঠিত হয় আলোচনা, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। নিউইয়র্কেও জনপ্রিয়ে উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়ার অনবদ্য উপস্থাপনায় সংগীত পরিবেশন ছাড়াও সদস্যরা নানান খুনসুটিতে মেতে ওঠেন। দীর্ঘসময় ধরে আনন্দ উপভোগ করেন সববয়সীরা। দুপুরে স্বেচ্ছাসেবীদের সুশৃঙ্খল খাবার পরিবেশন বনভোজনে অংশগ্রহণকারী সবার প্রশংসা কুড়ায়। 

চৌমুহনী ক্লাবের সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে, সেক্রেটারি সাকিব করিম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সাদ্দাম ও কোষাধ্যক্ষ ওমর ফারুক বিভিন্ন পর্বে সঞ্চালনা করেন। বনভোজনের গ্র্যান্ড স্পনসর বাংলাদেশ ক্লাবের প্রেসিডেন্ট নুরুল আমিন বাবু, টাইটেল স্পনসর বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি জাহিদ মিন্টু, গোল্ড স্পনসর কালাম জুয়েলার্সের আবুল কালাম, এয়ার টিকেট স্পনসর ব্যবসায়ী জাকির এইচ চৌধুরী, স্পনসর সিকে ফুডের ইফতেখারুল আলম অভি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বৃহত্তর নোয়াখালী সোসাইটির সহ-সভাপতি তাজু মিয়া, চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সল, বিশিষ্ট সমাজসেবক মিনহাজ আহমেদ জাবেদ। সংগীত পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুব, মেহজাবিন, মিমি, মিমি আলাউদ্দিন প্রমুখ।

বিকালে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্রর বিজয়ীরে মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)