সম্প্রীতির বন্ধনে সম্পন্ন সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 12-08-2026

সম্প্রীতির বন্ধনে সম্পন্ন সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

দক্ষিণ এশিয়ার ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যকে উপস্থান এবং প্রবাসী দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় করার প্রত্যয়ে গত ৯ আগস্ট বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’। বর্ণাঢ্য এ আয়োজনে ‘হোস্ট কান্ট্রি’ হিসেবে বিশেষ মর্যাদায় উঠে আসে বাংলাদেশ। প্রথমবারের মতো এ আয়োজন কম্যুনিটিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্যারেডে বিভিন্ন দেশের শ্রেণি-পেশার মানুষ এবং নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিশেষ করে বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। দক্ষিণ এশিয়ার এসব দেশের নেতারা গাড়ির মধ্যে অবস্থান করেন এবং তাদের দেশের ইতিহাস, ঐতিহ্য উপস্থাপন করেন। তবে সব দেশকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। প্যারেডে বাংলাদেশিদের সংগঠন ছিল বেশি এবং নেতৃত্বও দিয়েছেন বাংলাদেশিরা। মেলায় গ্র্যান্ড মার্শাল ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, গোল্ডেন অ্যাজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। তিনি তার বক্তব্যে বলেন, এ প্যারেড করার মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরা। সেই সঙ্গে এই প্রবাসের দক্ষিণ এশিয়ানদের ঐক্যবদ্ধ করার একটি প্ল্যাটফর্ম তৈরি করা। আমরা সেই কাজটি করে যাচ্ছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা অনেক কিছুই অর্জন করতে পারবো।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ৩৭তম অ্যাভিনিউয়ের ৬৯ স্ট্রিট থেকে ৮৭ স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে চলে এই উৎসবমুখর প্যারেড। বিভিন্ন দেশের জাতীয় পতাকা, ঐতিহ্যবাহী পোশাক, সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা পুরো এলাকাকে পরিণত করে দক্ষিণ এশিয়ার এক মিলনমেলায়। গাড়ি এবং হেঁটে হেঁটে সবাই যখন যাচ্ছিল রাস্তার দুপাশে মানুষজন তাদের হাত নেড়ে স্বাগত জানান। সবাই যেন নেচে-গেয়ে পুরো এলাকাকে অনেকটা আনন্দ উৎসবে পরিণত করেন। অনেকেই এ প্যারেড আয়োজনকে স্বাগত জানিয়েছেন এবং আগামী দিনে আরো বড় পরিসরে করার আহ্বান জানান। ধন্যবাদ জানান আয়োজকদের।

প্যারেডে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আল কাউন্ট্রি হোম কেয়ারের প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল কাদের শিশির, প্রধান সমন্বয়কারী, প্যারেডের উদ্যোক্ত ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক, প্যারেডের সদস্য সচিব ও জ্যাকসন হাইটস এলাকাবাসীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমী, সাংস্কৃতিকবিষয়ক চেয়ারপারসন ও গোল্ডেন অ্যাজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট শিল্পী রানো আমেনা নেওয়াজ, জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রেসিডেন্ট সাকিল মিয়া, কুইন্স ডেমোক্রেটিক লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, লেখক-সাংবাদিক শাহ জে চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ময়নুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাংসকৃতিক সম্পাদক অনিক রাজ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আজহারুল হক মিলন, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নাঈম টুটুল, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুর রহিম হাওলাদার, নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট জুমানি উইলিয়াম, অ্যাসেম্বিম্যান স্টিভেন রাগা, হায়রাম মনসুরাত, বাংলাদেশে জনপ্রিয় টিভি অভিনেত্রী সাবা করিম, আমিন মেহেদী, শিল্পী শাহ মাহবুব, নওশাদ হায়দার, ফোবানা কর্মকর্তা আবু দারা জোবায়ের, কো-অডিনেটর জাহাঙ্গীর আলম জয়, তরিকুল হোসেন বাদল, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের সদস্য মিয়া মোহাম্মদ দুলাল প্রমুখ।

সাউথ এশিয়ান ইউনিটি প্যারেডের সঙ্গে যুক্ত বিভিন্ন দেশের কমিউনিটি নেতাদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরাও এতে অংশ নেন। ফলে জ্যাকসন হাইটসের রাজপথে প্রতিফলিত হয় দক্ষিণ এশিয়ার বহুত্ববাদী সংস্কৃতির এক অনন্য চিত্র।

আয়োজনের বিশেষ আকর্ষণ ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী শিরিন শিলা ও সাফা কবির। পাশাপাশি কমিউনিটির সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতিমান শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণ অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন সোনিয়া।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তাঁদের আনন্দ, উচ্ছ্বাস ও সাংস্কৃতিক উপস্থাপনায় প্যারেডটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

বৈচিত্র্যের মধ্যে ঐক্য-এ মূল বার্তাকে সামনে রেখে অনুষ্ঠিত প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’ নিউইয়র্কের বহুজাতিক সমাজে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইলো।

প্যারেড সফল করায় শাহ শহীদুল হক অংশগ্রহণকারী, স্পনসর এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান এবং আগামী দিনে এ প্যারেড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)