নিউইয়র্ক সিটির নতুন বাজেটে শিশুদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ গড়তে একটি বিশেষ উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি ও চার্টার স্কুলের প্রতিটি কিন্ডারগার্টেন শিক্ষার্থীর জন্য ১ হাজার ডলারের কলেজ সেভিংস অ্যাকাউন্ট চালু করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে ছোটবেলা থেকেই শিশুদের ভবিষ্যৎ শিক্ষা ও সঞ্চয়ের প্রতি আগ্রহ তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে। এ কর্মসূচি এনওয়াইসি কিডস রাইজ নামে পরিচিত। এটি নিউইয়র্ক সিটি সরকার ও একটি অলাভজনক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ। সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিন এই উদ্যোগের অন্যতম সমর্থক এবং প্রতিষ্ঠাতা বোর্ড চেয়ার হিসেবে এর সঙ্গে যুক্ত ছিলেন। এনওয়াইসি কিডস রাইজ কর্মসূচি প্রথমে ২০১৭ সালে কুইন্সে পরীক্ষামূলকভাবে শুরু হয়। তখন প্রতিটি কিন্ডারগার্টেন শিক্ষার্থীর অ্যাকাউন্টে ১০০ ডলার করে জমা দেওয়া হয়েছিল। গ্রে ফাউন্ডেশনের ১ কোটি ডলারের অনুদানের মাধ্যমে এ উদ্যোগ শুরু হয়। পরে ২০২১ সালে এটি পুরো নিউইয়র্ক সিটিতে সম্প্রসারণ করা হয়।
বর্তমানে নিউইয়র্কের পাবলিক ও চার্টার স্কুলের সব কিন্ডারগার্টেন শিক্ষার্থী স্বয়ংক্রিয়ভাবে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়। পরিবারের সদস্যরা চাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিতে পারেন। আগামী শরৎ থেকে প্রতিটি শিশুর এনওয়াইসি স্কলারশিপ অ্যাকাউন্টে ১ হাজার ডলার জমা হবে।
এ অ্যাকাউন্ট পরিচালনা করবে এনওয়াইসি কিডস রাইজ। জমাকৃত অর্থ নিউইয়র্কের ৫২৯ কলেজ সেভিংস প্ল্যানে বিনিয়োগ করা হবে, যেখানে পরিবারগুলো ভবিষ্যতে শিক্ষা খরচের জন্য অর্থ ব্যবহার করতে পারবে। এ ধরনের সঞ্চয়ে কর সুবিধাও পাওয়া যায় এবং যোগ্য শিক্ষা ব্যয়ের জন্য অর্থ উত্তোলন করলে তা করমুক্ত হতে পারে।
শুধু সরকারি অর্থ নয়, পরিবার ও কমিউনিটিকেও সঞ্চয়ে উৎসাহিত করা হচ্ছে। পরিবারগুলো অ্যাকাউন্ট সক্রিয় করলে, নিজস্ব সেভিংস অ্যাকাউন্ট খুললে এবং নিয়মিত অর্থ জমা করলে অতিরিক্ত সুবিধা পেতে পারে। এই অর্থ ১৩ বছর পর্যন্ত করমুক্তভাবে বৃদ্ধি পাবে এবং চার বছরের কলেজ, কমিউনিটি কলেজ, কারিগরি ও ট্রেড প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যবহার করা যাবে।
এছাড়া স্কুলের সাবেক শিক্ষার্থী, স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠনগুলো কমিউনিটি স্কলারশিপ এর মাধ্যমে শিশুদের অ্যাকাউন্টে অর্থ যোগ করতে পারবে। গত তিন বছরে নিউইয়র্কের পাবলিক স্কুলের সাবেক শিক্ষার্থীরা এক মিলিয়নের বেশি ডলার শিশুদের ভবিষ্যৎ শিক্ষার জন্য দান করেছেন।
শিক্ষাবিদদের মতে, অনেক পরিবারের জন্য এটি হতে পারে পরিবারের প্রথম কোনো বিনিয়োগ অ্যাকাউন্ট। ছোট অঙ্কের এই প্রাথমিক সঞ্চয়ও শিশুদের মধ্যে উচ্চশিক্ষার আশা ও ভবিষ্যৎ পরিকল্পনার মানসিকতা তৈরি করতে পারে। গবেষণায় দেখা গেছে, কলেজ ডিগ্রিধারীরা সাধারণত শুধু হাইস্কুল ডিপ্লোমাধারীদের তুলনায় জীবদ্দশায় উল্লেখযোগ্যভাবে বেশি আয় করেন। একইভাবে ট্রেড বা কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন ব্যক্তিরাও কর্মক্ষেত্রে বাড়তি আয়ের সুযোগ পান।
নিউইয়র্ক সিটি বর্তমানে প্রতিটি শিক্ষার্থীর পেছনে বছরে প্রায় ৪২ হাজার ডলারের বেশি ব্যয় করছে। ১৩ বছরের শিক্ষাজীবনে একজন শিক্ষার্থীর পেছনে মোট ব্যয় দাঁড়ায় আনুমানিক ৫ লাখ ৪৬ হাজার ডলার। এর তুলনায় প্রতিটি শিশুর জন্য ১ হাজার ডলারের প্রাথমিক সঞ্চয় দেওয়ার এ কর্মসূচিতে বছরে আনুমানিক ৫৩ থেকে ৬৪ মিলিয়ন ডলার খরচ হবে।
বর্তমানে এনওয়াইসি কিডস রাইজ অ্যাকাউন্টগুলোতে প্রায় ৮৫ মিলিয়ন ডলার জমা হয়েছে। এই অর্থের মধ্যে রয়েছে সিটি সরকারের প্রাথমিক অনুদান, বিভিন্ন প্রণোদনা এবং বিনিয়োগ থেকে বেড়ে ওঠা অর্থ। তবে বিশেষজ্ঞরা বলছেন, কর্মসূচিটির আরো সম্প্রসারণ প্রয়োজন। ভবিষ্যতে বেসরকারি ও ধর্মীয় স্কুলের শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা এবং নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য অতিরিক্ত সহায়তার বিষয় বিবেচনা করা যেতে পারে।
এনওয়াইসি কিডস রাইজ নিউইয়র্কের শিক্ষাব্যবস্থার সব সমস্যা সমাধান করবে না। তবে শিশুদের ছোটবেলা থেকেই ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ারের জন্য একটি আর্থিক ভিত্তি তৈরি করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।