পার্কিং লঙ্ঘনে টিকিটের পাশাপাশি স্টিকার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 06-08-2026

পার্কিং লঙ্ঘনে টিকিটের পাশাপাশি স্টিকার

রাস্তা পরিষ্কারের সময় নির্ধারিত নিয়ম অনুযায়ী গাড়ি না সরালে চালকদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে নিউইয়র্ক সিটি। নতুন একটি প্রস্তাবিত বিল অনুযায়ী, অল্টারনেট সাইড পার্কিং বিধি লঙ্ঘনকারীদের শুধু জরিমানা বা পার্কিং টিকিট নয়, গাড়ির জানালায় সতর্কতামূলক স্টিকারও লাগানো হতে পারে। বিলটি ইতোমধ্যে নিউইয়র্ক সিটি কাউন্সিলে পাস হয়েছে এবং অনুমোদনের জন্য মেয়র জোহরান মামদানির কাছে পাঠানো হয়েছে। মেয়রের অনুমোদন পেলে নতুন এই ব্যবস্থা কার্যকর হবে। প্রস্তাব অনুযায়ী, নিউইয়র্ক সিটির স্যানিটেশন বিভাগ এবং পরিবহন বিভাগ রাস্তা পরিষ্কারের নির্ধারিত সময়ে গাড়ি না সরানো চালকদের গাড়ির জানালায় সর্বোচ্চ ৮ দশমিক ৫ বাই ১১ ইঞ্চি আকারের স্টিকার লাগাতে পারবে। এর পাশাপাশি প্রচলিত পার্কিং জরিমানাও বহাল থাকবে।

সিটি কর্মকর্তাদের মতে, নতুন ব্যবস্থার মূল উদ্দেশ্য জরিমানা বাড়ানো নয়; বরং চালকদের নির্ধারিত সময়ে গাড়ি সরাতে উৎসাহিত করা। অনেক ক্ষেত্রে চালকরা পার্কিং টিকিট দেখতে পান না বা তা উপেক্ষা করেন। দৃশ্যমান স্টিকার ব্যবহারের ফলে তারা দ্রুত বুঝতে পারবেন যে তারা পার্কিং নিয়ম ভঙ্গ করেছেন এবং রাস্তা পরিষ্কারের কাজে বাধা সৃষ্টি করেছেন।

নতুন প্রস্তাবটি ২০১২ সালের সিটি কোডে সংশোধন এনে স্যানিটেশন ও পরিবহন বিভাগকে এ অতিরিক্ত ক্ষমতা দেওয়ার কথা বলছে। স্টিকার কোথায় লাগানো হবে, কী আকারের হবে এবং কীভাবে তা সহজে অপসারণ করা যাবে। এসব বিষয়েও নির্দিষ্ট নিয়ম রাখা হবে, যাতে গাড়ির ক্ষতি না হয়।

এ উদ্যোগের পেছনে রয়েছে ১৯৮৭ সালের একটি পরীক্ষামূলক কর্মসূচির অভিজ্ঞতা। সে সময় রাস্তা পরিষ্কারের সময় গাড়ি না সরানো চালকদের গাড়িতে বড় আকারের উজ্জ্বল রঙের স্টিকার লাগানো হতো। ২০১১ সালে সিটি কর্মকর্তারা জানান, ওই কর্মসূচির পর রাস্তা পরিষ্কারের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। অল্টারনেট সাইড পার্কিং নিয়ম মানার ফলে রাস্তা পরিষ্কারের গড় সফলতার হার ৭৩ শতাংশ থেকে বেড়ে ৯৪ শতাংশে পৌঁছেছিল। তবে পুরোনো সে ব্যবস্থার সমালোচনাও ছিল। অনেক চালকের অভিযোগ ছিল, স্টিকারগুলো অত্যন্ত শক্ত আঠাযুক্ত হওয়ায় সহজে সরানো যেত না এবং কখনো কখনো গাড়ির জানালার ক্ষতি হতো। নতুন প্রস্তাবে এসব সমস্যা এড়ানোর বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

বিলটির পৃষ্ঠপোষক সিটি কাউন্সিল সদস্য গেইল ব্রিউয়ার। গত জুনে কাউন্সিলে পাস হওয়ার পর এটি এখন মেয়রের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের আশা, নতুন এ ব্যবস্থা চালু হলে রাস্তা পরিষ্কারের কার্যক্রম আরো কার্যকর হবে, পার্কিং নিয়ম মানার প্রবণতা বাড়বে এবং শহরের রাস্তাগুলো আরো পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)