নিউইয়র্ক সিটির নিম্ন আয়ের দুই লাখের বেশি পরিবার এখনো অপেক্ষা করছে সেকশন ৮ হাউজিং চয়েস ভাউচার পাওয়ার আশায়। তবে নতুন আবেদন বন্ধ থাকা, সীমিত সংখ্যক ভাউচার এবং বিপুল চাহিদার কারণে অনেক আবেদনকারী আদৌ জীবদ্দশায় এ আবাসন সহায়তা পাবেন কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি (এনওয়াইসিএইচএ) দীর্ঘ প্রায় ১৫ বছর পর ২০২৪ সালের জুন মাসে সেকশন ৮-এর অপেক্ষমাণ তালিকা আবার চালু করে। আবেদন গ্রহণ শুরু হলে হাজার হাজার নয়, বরং বিপুলসংখ্যক নিউইয়র্কবাসী আবেদন করেন। পরে লটারির মাধ্যমে প্রায় দুই লাখ আবেদনকারীকে অপেক্ষমাণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
কিন্তু তালিকায় নাম থাকা মানেই দ্রুত ভাউচার পাওয়া নয়। আবাসন বিশেষজ্ঞদের মতে, সেকশন ৮ ভাউচারের চাহিদা নিউইয়র্কে এত বেশি যে বর্তমান অপেক্ষমাণ তালিকার সবাইকে সহায়তা দিতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। অনেক পরিবার বছরের পর বছর অপেক্ষা করতে পারে, আর কারো কারো ক্ষেত্রে অপেক্ষার সময় আরো দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে।
এনওয়াইসিএইচএ জানিয়েছে, বর্তমানে নতুন আবেদন গ্রহণ বন্ধ রয়েছে এবং ভাউচার দেওয়ার কার্যক্রম নির্ভর করছে ফেডারেল অর্থায়ন, ভাউচারের প্রাপ্যতা এবং বিদ্যমান আবেদনকারীদের অগ্রগতির ওপর। ২০২৪ সালে যারা আবেদন করেছেন, তাদের আবেদন বাতিল হয়নি এবং তারা এখনো অপেক্ষমাণ তালিকায় রয়েছেন।
কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতে যখন ভাউচার দেওয়ার কার্যক্রম বাড়ানো হবে, তখন অপেক্ষমাণ তালিকার অবস্থান, অগ্রাধিকার এবং যোগ্যতার ভিত্তিতে আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করা হবে। আবেদনকারীদের ঠিকানা, ফোন নম্বর ও ইমেইল তথ্য সব সময় হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সেকশন ৮ ভাউচার মূলত নিম্ন আয়ের পরিবারগুলোকে বাজারদরের তুলনায় কম ভাড়ায় বাসা পাওয়ার সুযোগ দেয়। কিন্তু নিউইয়র্কের উচ্চ ভাড়া, সাশ্রয়ী বাসস্থানের সংকট এবং সীমিত সরকারি সহায়তার কারণে এ কর্মসূচির চাহিদা বহু বছর ধরেই সরবরাহের তুলনায় অনেক বেশি।
আবাসন অধিকারকর্মীরা বলছেন, অপেক্ষমাণ তালিকায় থাকা অনেক পরিবার বর্তমানে ভাড়ার চাপ, অনিশ্চয়তা এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচের সঙ্গে লড়াই করছে। তাদের মতে, শুধু অপেক্ষমাণ তালিকা তৈরি করলেই সমস্যার সমাধান হবে না; আরো বেশি ভাউচার এবং সাশ্রয়ী আবাসন তৈরি করা জরুরি।
বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি নতুন ভাউচার ইস্যুর গতি বাড়ানো না হয়, তাহলে দুই লাখ আবেদনকারীর একটি অংশ দীর্ঘদিন অপেক্ষা করতে পারে। বয়স্ক আবেদনকারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা পরিবারগুলোর জন্য এ অপেক্ষা আরো কঠিন হয়ে উঠতে পারে।
এদিকে, সেকশন ৮-এর অপেক্ষায় থাকা পরিবারগুলোকে বিকল্প আবাসন কর্মসূচির দিকেও নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে সাশ্রয়ী আবাসনের লটারি, এনওয়াইসিএইচএ পাবলিক হাউজিং এবং ভবনভিত্তিক সেকশন ৮ কর্মসূচি।
নিউইয়র্কের দুই লাখ আবেদনকারী এখনো অপেক্ষায়-কবে খুলবে সহায়তার দরজা আর কবে মিলবে কাক্সিক্ষত ভাউচার। আপাতত তারা তাকিয়ে আছেন এনওয়াইসিএইচএর পরবর্তী ঘোষণার দিকে।