কুইন্সে সহিংসতার অভিযোগে গ্যাং চক্রের ২২ সদস্য আটক


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 08-07-2026

কুইন্সে সহিংসতার অভিযোগে গ্যাং চক্রের ২২ সদস্য আটক

নিউইয়র্কের দক্ষিণ-পূর্ব কুইন্সের সাউথ জ্যামাইকা, স্প্রিংফিল্ড গার্ডেনস, ক্যামব্রিয়া হাইটসসহ আশপাশের এলাকায় গত কয়েক বছর ধরে সংঘটিত ধারাবাহিক গুলিবর্ষণ, ছুরিকাঘাত ও গ্যাং সহিংসতার ঘটনায় ২২ জন কথিত গ্যাং সদস্যের বিরুদ্ধে ৯৭ ধারার অভিযোগ গঠন করে গ্রেফতার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের প্রসিকিউটরদের অভিযোগ, ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এসব আসামি অন্তত ১১টি গুলিবর্ষণ, একটি নৃশংস ছুরিকাঘাত এবং আরো কয়েকটি সহিংস হামলায় জড়িত ছিল। অভিযুক্তদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে সরাসরি গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে। 

গত ২৫ জুন ২০২৬ তারিখে পরিচালিত এক সমন্বিত অভিযানে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট -এর সহায়তায় আটজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এছাড়া আরো নয়জন অভিযুক্ত অন্য মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন। পরবর্তীতে অভিযুক্তদের আদালতে হাজির করা হলে ১১ জনকে বিচারিক হেফাজতে পাঠানো হয়, ছয়জনের ক্ষেত্রে উচ্চ অঙ্কের জামিন নির্ধারণ করা হয় এবং এখনও তিনজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। 

তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা সবাই কথিত ব্লিটজ গ্যাং ৪-এর সদস্য। এই গ্যাংটি কথিতভাবে প্রতিদ্বন্দ্বী ফ্লস মানি বলার্স গ্যাংয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে রয়েছে। প্রসিকিউটরদের দাবি, ব্লিটজ গ্যাং ৪ হলো ব্লাডস গ্যাংয়ের একটি উপশাখা, যার কার্যক্রম মূলত বেইসলি পার্ক হাউজেস কেন্দ্রিক হলেও সদস্যরা প্রতিপক্ষের এলাকায় গিয়ে হামলা চালাত। 

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ১১ ডিসেম্বর ২০২৫ সালে কুইন্স আদালত ভবনের কাছেই একটি চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটে। আদালতে হাজিরা শেষে বের হওয়া ফ্লস মানি বলার্সের এক সদস্যকে চারজন মিলে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। ঘটনাটি দিনের আলোয় ঘটে এবং এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করে। 

আরেকটি ঘটনায়, চলতি বছরের ৩০ মার্চ বিকেল প্রায় ৩টা ৩৮ মিনিটে ক্যামব্রিয়া হাইটস-এর ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টের বাইরে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোরকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, একজন বয়স্ক গ্যাং সদস্য তাকে এমন একজন ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করতে বলে, যাকে প্রতিদ্বন্দ্বী ফিফথ ক্লক গ্যাংয়ের সদস্য বলে সন্দেহ করা হচ্ছিল। একই ঘটনায় আরেক অভিযুক্ত পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাতে ঘটনাস্থল থেকে গুলির খোসা সরিয়ে নেওয়া যায়। 

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ বলেন, তদন্তে অন্তর্ভুক্ত মোট ১৭টি সহিংস ঘটনায় অন্তত তিনজন গুলিবিদ্ধ হন। আহতদের একজন স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন। তিনি বলেন, এটি একপ্রকার অলৌকিক ঘটনা যে এসব গুলিবর্ষণে আরো প্রাণহানি ঘটেনি। তদন্ত চলাকালে তল্লাশি ও গাড়ি থামিয়ে অভিযানে একটি ঘোস্ট গানসহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান। 

তদন্তে আরো উঠে এসেছে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ১৮ বছর বয়সী আকিম সিসে হত্যাকাণ্ডের পর দুই গ্যাংয়ের সংঘাত আরো তীব্র হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, কুইন্সের স্প্রিংফিল্ড গার্ডেনসে অবস্থিত ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টেরবাইরে কথিত বিজিফোর সদস্য রেভন ফিলিপ আকিম সিসেকে গুলি করে হত্যা করে। এরপর থেকেই প্রতিশোধমূলক হামলা ও পাল্টা হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। 

প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং প্রত্যেকের ভূমিকার ওপর নির্ভর করে সর্বোচ্চ ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যুব অপরাধী সংক্রান্ত আইনও বিবেচনায় নেওয়া হবে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ বলেন, গ্রীষ্মকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এবং স্কুল ছুটি হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান লক্ষ্য হলো সহিংসতার মূল চালিকাশক্তিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। তিনি বলেন, শিশু-কিশোর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে, যাতে মানুষ নিরাপদে বাইরে সময় কাটাতে পারে এবং সম্প্রদায়ে শান্তি ফিরিয়ে আনা যায়। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)