নিউইয়র্ক সিটির ওজনপার্কের ১১০২ লিবার্টি অ্যাভিনিউয়ে বৈঠক খানা রেস্টুরেন্টে হাতবোমা নিক্ষেপ করেছে অজ্ঞাতনামা এক দুষ্কৃতকারী। গত ৬ জুলাই সকাল সাড়ে ৫টার দিকে এই হামলায় কেউ হাতাহত হয়নি। খবর পেয়ে এনওয়াইপিডি’র সেভেনটি ফাইভ প্রিসিংকট’র পুলিশের তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে এবং সতর্কতামূলক টেপ দিয়ে রেস্টুরেন্ট ঘিরে রাখে। সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।
বৈঠকখানা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানান, প্রতিদিনকার মতো সোমবার ভোরেও যথারীতি কাস্টমার ছিল রেস্টুরেন্টে। সকাল সাড়ে ৫টার দিকে হুডি এবং মাস্ক পরিহিত এক যুবক কাস্টমার যেখানে বসে সেখানে হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে মুখঢাকা থাকায় হামলাকারীকে কেউ চিনতে পারেনি। বিস্ফোরণের ঘটনার আকস্মিকতায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।
এসময় একজন কাস্টমার পুলিশে কল করে খবর দিলে পুলিশ দ্রুত রেস্টুরেন্টে পৌঁছে। হাতবোমাটি উদ্ধার করে তদন্তের প্রয়োজনে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে।
রেস্টুরেন্টের মালিক নূর ইসলাম বাবু জানান, হামলাকারীকে তারা চিনতে পারেননি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে এবং সতর্কতামূলক টেপ দিয়ে রেস্টুরেন্ট ঘিরে রাখে। টেপ খুলে নেওয়ার পর দুপুর ২টার দিকে রেস্টুরেন্ট পুনরায় চালু করা হয়। কেউ হতাহত হয়নি।
এদিকে বাংলাদেশি অধ্যুষিত ওজন পার্কের জনপ্রিয় এ রেস্টুরেন্টে হাতবোমা নিক্ষেপের খবর পেয়ে কমিউনিটি নেতৃবৃন্দ এবং সিটিলাইন ওজনপার্ক সিটি ওজনপার্ক সিভিলিয়ন প্যাট্রোল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের প্রতি সহমর্মিতা জানান।
সিটিলাইন ওজনপার্ক সিটি ওজনপার্ক সিভিলিয়ন প্যাট্রোল তাদের ফেসবুক পেজে এ ঘটনার বিবরণ ও ছবি প্রকাশ করে। তারা উল্লেখ করেন একজন ব্যক্তি একটি বস্তুতে আগুন ধরিয়ে দেওয়ার পর বিস্ফোরণ ঘটে। পুলিশের কাছে হামলাকারীর পরিচয় রয়েছে এবং তদন্ত চলছে। পুলিশকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ জানানো হয় তাদের ফেসবুক পোস্টে।