নিউ ইয়র্কে দীর্ঘ প্রতীক্ষিত সেকেন্ড অ্যাভিনিউ সাবওয়ে প্রকল্পের দ্বিতীয় ধাপের প্রধান নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। ৮ জুন, সোমবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল, মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) নেতৃত্ব, নির্বাচিত জনপ্রতিনিধি এবং হারলেমের কমিউনিটি নেতারা নিউ ইয়র্ক সিটির ইস্ট হারলেম এলাকায়, ২য় অ্যাভিনিউ ও ১২০তম স্ট্রিট সংলগ্ন নির্মাণ সাইটে এই আনুষ্ঠানিক সূচনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই প্রকল্পকে ইস্ট হারলেমের জন্য একটি যুগান্তকারী পরিবহন উন্নয়ন হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৭ সালের শুরুর দিকে আধুনিক টানেল বোরিং মেশিন (টিবিএম) মাটির নিচে নামানো হবে এবং ১২০তম স্ট্রিট ও ২য় অ্যাভিনিউ থেকে ১২৫তম স্ট্রিট ও ম্যালকম এক্স বুলেভার্ড পর্যন্ত নতুন সাবওয়ে টানেল খননের কাজ শুরু করবে। একই সঙ্গে এমটিএ নতুন আরেকটি বড় নির্মাণ চুক্তিও দিয়েছে, যার মাধ্যমে ১০৫তম স্ট্রিট থেকে ১১০তম স্ট্রিট পর্যন্ত টানেল ও ভবিষ্যৎ ১০৬তম স্ট্রিট স্টেশন নির্মাণ করা হবে।
গভর্নর ক্যাথি হোকুল বলেন, এই প্রকল্প ইস্ট হারলেমের মানুষের সময় বাঁচাবে এবং নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। তিনি বলেন, সেকেন্ড অ্যাভিনিউ সাবওয়ে ইস্ট হারলেমের জীবনযাত্রা বদলে দেবে, মানুষকে দ্রুত যাতায়াতের সুযোগ দেবে এবং বহুদিন ধরে বঞ্চিত সুযোগগুলোকে বাস্তবে রূপ দেবে।
এমটিএ জানিয়েছে, ফেজ-১-এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ধাপে প্রকল্পের ব্যয় কমানো সম্ভব হয়েছে। পরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি উন্নত করার ফলে এখন পর্যন্ত প্রায় ১ বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া প্রকল্পের কিছু অংশে আগের দশকের টানেল কাঠামো পুনরায় ব্যবহার করা হচ্ছে, যা ব্যয় ও সময় উভয়ই কমাবে। প্রকল্পের অর্থায়নের একটি অংশ এসেছে কনজেশন প্রাইসিং থেকে অর্জিত রাজস্ব থেকে।এমটিএ আরো জানিয়েছে, ফেজ-২ প্রকল্পকে চারটি প্রধান চুক্তিতে ভাগ করা হয়েছে, যা আগের ধাপের তুলনায় বেশি কার্যকর ও সমন্বিতভাবে কাজ সম্পন্ন করতে সহায়তা করবে।
এই প্রকল্পের অধীনে ইস্ট হারলেমে তিনটি নতুন সাবওয়ে স্টেশন তৈরি করা হবে ১০৬তম স্ট্রিট, ১১৬তম স্ট্রিট এবং ১২৫তম স্ট্রিট। এগুলো সম্পূর্ণভাবে প্রতিবন্ধীবান্ধব (এডিএ অ্যাক্সেসিবল) হবে এবং দৈনন্দিন প্রায় ৩ লাখ যাত্রীকে সেবা দেবে বলে ধারণা করা হচ্ছে। এমটিএ চেয়ারম্যান জানো লিবার বলেন, এই প্রকল্প ইস্ট হারলেমে পরিবহন ন্যায্যতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি জানান, কয়েক দশক আগে শুরু হয়ে থেমে যাওয়া এই প্রকল্প আবার নতুন করে এগিয়ে নেওয়া হচ্ছে।
এমটিএ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রেসিডেন্ট জেমি টরেস-স্প্রিংগার বলেন, আমরা আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই প্রকল্পকে আরো দ্রুত, সাশ্রয়ী এবং কার্যকরভাবে এগিয়ে নিচ্ছি। প্রকল্পের অধীনে ব্যবহৃত হবে অত্যাধুনিক ভ্যারিয়েবল-ডেনসিটি টানেল বোরিং মেশিন, যা ২৩ ফুট প্রশস্ত কাটার হেড ব্যবহার করে মাটি ও শিলা উভয় ধরনের স্তর খনন করতে সক্ষম। এই মেশিন ১২৫তম স্ট্রিট পর্যন্ত টানেল খনন করবে এবং নতুন স্টেশনগুলোর সংযোগ তৈরি করবে।এমটিএ জানিয়েছে, প্রকল্পটি মোট প্রায় ৬.৯৬৮ বিলিয়ন ডলার ব্যয়ে সম্পন্ন হবে এবং ২০৩২ সালের মধ্যে যাত্রী পরিষেবা শুরু করার লক্ষ্য রয়েছে।
ইস্ট হারলেমকে এই প্রকল্পের মাধ্যমে শহরের অন্যান্য অংশের সঙ্গে আরো দ্রুত ও সহজভাবে যুক্ত করা হবে। এতে আপার ইস্ট সাইড, ওয়েস্ট মিডটাউন এবং কনি আইল্যান্ড পর্যন্ত সরাসরি যাতায়াত সম্ভব হবে, যা যাত্রার সময় ২০ মিনিট পর্যন্ত কমাতে পারে।প্রকল্প বাস্তবায়নের সময় হাজার হাজার চাকরি সৃষ্টি হবে, যার মধ্যে রয়েছে ইউনিয়নভিত্তিক নির্মাণ কাজ। স্থানীয় নিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে ইস্ট হারলেমের বাসিন্দারাও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন।
ঐতিহাসিকভাবে এই সাবওয়ে প্রকল্পটি বহুবার শুরু হয়ে বন্ধ হয়েছে। ১৯২০-এর দশকে প্রথম পরিকল্পনা, ১৯৪৮ সালে ভোটে অনুমোদন এবং ১৯৭০-এর দশকে আংশিক নির্মাণ শুরু হলেও পরবর্তীতে আর্থিক সংকটের কারণে তা বন্ধ হয়ে যায়। এবার সেই পুরনো প্রকল্পেরই আধুনিক সংস্করণ বাস্তবায়নের পথে এগোচ্ছে নিউ ইয়র্ক।গভর্নর হোকুল বলেন, বহু দশকের স্বপ্ন এখন বাস্তবতার কাছাকাছি পৌঁছে গেছে। তিনি বলেন, এই প্রকল্প শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, বরং ইস্ট হারলেমের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের একটি নতুন অধ্যায়।