নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 27-05-2026

নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু

নিউইয়র্ক স্টেট ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য স্টেট বসবাসরত কম আয়ের পরিবারের ছাত্রছাত্রীদের জন্য এক্সেলসিয়র স্কলারশিপের আবেদন প্রক্রিয়া গত ২৬ মে এখন উন্মুক্ত করেছে। নতুন আবেদনকারীরা এই কর্মসূচির মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা নিউইয়র্কের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (সুনি) এবং সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (কিউনি) কলেজে টিউশন ফি ছাড়াই পড়াশোনার সুযোগ পাবেন। নিউইয়র্ক স্টেট হায়ার এডুকেশন সার্ভিসেস করপোরেশন পরিচালিত এই স্কলারশিপ কর্মসূচি মূলত মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সহজলভ্য করতে চালু করা হয়েছে। একই সঙ্গে অংশগ্রহণকারী বেসরকারি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এনহ্যান্সড টিউশন অ্যাওয়ার্ড কর্মসূচির আওতায় সর্বোচ্চ ৬ হাজার ডলার পর্যন্ত সহায়তা দেওয়া হবে।

নিউ ইয়র্ক স্টেট গভর্নর হোচুল বলেন, উচ্চশিক্ষা যেন আর্থিক চাপের কারণ না হয়ে বরং সুযোগের দ্বার খুলে দেয়, সেটিই তাদের লক্ষ্য। তার ভাষায়, এক্সেলসিয়র স্কলারশিপ এবং এনহ্যান্সড টিউশন অ্যাওয়ার্ড হাজারো নিউইয়র্কবাসীর জন্য কলেজ শিক্ষাকে বাস্তবসম্মত ও অর্জনযোগ্য করে তুলছে। এটি শিক্ষার্থীদের নিউইয়র্কে রেখে তাদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে এবং একই সঙ্গে রাজ্যের কর্মশক্তি ও অর্থনীতিকে শক্তিশালী করবে।

স্টেট গভর্নমেন্টের তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ২৫ হাজারের বেশি শিক্ষার্থীকে প্রায় ১০১ মিলিয়ন ডলারের এক্সেলসিয়র স্কলারশিপ প্রদান করা হয়েছে। এর ফলে কুনি শিক্ষার্থীদের ৭২ শতাংশ এবং সুনি শিক্ষার্থীদের ৫৫ শতাংশ বিভিন্ন স্কলারশিপ ও আর্থিক সহায়তার মাধ্যমে টিউশন ফি ছাড়া কলেজে অধ্যয়নের সুযোগ পেয়েছে। একই সময়ে ১ হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থীকে প্রায় ১ দশমিক ৭ মিলিয়ন ডলারের এনহ্যান্সড টিউশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

এক্সেলসিয়র স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারীর পরিবারের বার্ষিক সমন্বিত ফেডারেল আয় ১ লাখ ২৫ হাজার ডলার বা তার কম হতে হবে। এছাড়া শিক্ষার্থীকে সুনি বা কুনির দুই বা চার বছর মেয়াদি কলেজে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি থাকতে হবে এবং বছরে কমপক্ষে ৩০ ক্রেডিট সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাসোসিয়েট ডিগ্রি দুই বছরে এবং ব্যাচেলর ডিগ্রি চার বছরে সম্পন্ন করার লক্ষ্যে অগ্রসর থাকতে হবে।

অন্যদিকে, এনহ্যান্সড টিউশন অ্যাওয়ার্ডের জন্য শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রের নাগরিক বা যোগ্য অ-নাগরিক হতে হবে এবং আবেদনপূর্ব অন্তত ১২ মাস নিউইয়র্কের বাসিন্দা থাকতে হবে। অংশগ্রহণকারী বেসরকারি কলেজে পূর্ণকালীন অধ্যয়ন, বছরে ৩০ ক্রেডিট সম্পন্ন করা এবং স্কলারশিপ গ্রহণের সমপরিমাণ বছর নিউইয়র্কে বসবাস ও কাজ করার অঙ্গীকারও করতে হবে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ ও এনহ্যান্সড টিউশন অ্যাওয়ার্ডের আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট ২০২৬।

বর্তমানে যারা এই দুটি কর্মসূচির আওতায় সহায়তা পাচ্ছেন, তাদের প্রতি বছর নতুন আবেদন জমা দিতে হবে না। তবে সহায়তা অব্যাহত রাখতে হলে যোগ্যতার শর্ত পূরণ করতে হবে এবং প্রতি বছর ফাফসা, ট্যাপ অথবা ড্রিম অ্যাক্ট আবেদন সম্পন্ন করতে হবে।নিউইয়র্ক স্টেট হায়ার এডুকেশন সার্ভিসেস করপোরেশন বর্তমানে মোট ২৭টি আর্থিক সহায়তা কর্মসূচি পরিচালনা করছে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রায় ২ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী ৯৩৫ মিলিয়ন ডলারের বেশি আর্থিক সহায়তা পেয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)