রেন্ট-স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া বৃদ্ধি স্থগিতের সম্ভাবনা জুনে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 13-05-2026

রেন্ট-স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া বৃদ্ধি স্থগিতের সম্ভাবনা জুনে

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে রেন্ট-স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া বৃদ্ধি স্থগিত করার সম্ভাবনা এখন আনুষ্ঠানিক আলোচনার টেবিলে এসেছে। শহরের রেন্ট গাইডলাইনস বোর্ড গত ৭ মে রাতে এক গুরুত্বপূর্ণ ভোটে এক বছরের লিজের জন্য শূন্য থেকে ২ শতাংশ এবং দুই বছরের লিজের জন্য শূন্য থেকে ৪ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধির সীমা নির্ধারণ করেছে। লং আইল্যান্ড সিটির লা গার্ডিয়া কমিউনিটি কলেজে অনুষ্ঠিত এ ৭-১ ভোটে প্রস্তাবটি পাস হয়, যেখানে একজন সদস্য বিরত থাকেন। প্রস্তাবিত সীমার মধ্যে শূন্য শতাংশও অন্তর্ভুক্ত থাকায় ভাড়া স্থগিতের সম্ভাবনা এখনো আনুষ্ঠানিকভাবে জীবিত রয়েছে। 

এ সিদ্ধান্তের ফলে প্রায় ১০ লাখ রেন্ট-স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টের ভাড়াটেদের ভবিষ্যৎ ভাড়া বৃদ্ধির পরিমাণ এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি। বোর্ডের চূড়ান্ত ভোট আগামী জুন মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে, যেখানে ভাড়া বাড়বে নাকি সম্পূর্ণ স্থগিত থাকবে, তা নির্ধারণ করা হবে। 

শহরের মেয়র জোহরান মামদানি দীর্ঘদিন ধরে ভাড়া স্থগিতের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে সরাসরি ভাড়া ফ্রিজের দাবি করেননি, কারণ বোর্ডটি স্বাধীন সংস্থা হিসেবে কাজ করে। যদিও বাস্তবে মেয়রই এর সদস্যদের নিয়োগ দিয়ে থাকেন। মামদানি ক্ষমতা গ্রহণের পর বোর্ডে পাঁচজন ভাড়াটে-সমর্থক সদস্য নিয়োগ দেন এবং আরো একজনকে পুনর্বহাল করেন। 

এ সিদ্ধান্তকে ঘিরে নিউ ইয়র্ক সিটির আবাসন নীতিতে নতুন করে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে, কারণ মেয়র জোহরান মামদানি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে চার বছরের জন্য ভাড়া স্থগিতের কথা বলেছিলেন। ভোটের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, শহরের জীবনযাত্রার ব্যয় এখন নাগরিকদের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে এবং ভাড়াটে ও ছোট সম্পত্তির মালিকদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়া হচ্ছে দেখে তিনি সন্তুষ্ট। তিনি আশা প্রকাশ করেন যে আগামী ২৫ জুন চূড়ান্ত ভোটে বোর্ড এমন সিদ্ধান্ত নেবে, যা বর্তমান সময়ের জরুরি প্রয়োজনকে প্রতিফলিত করবে। ভোটের পর প্রতিক্রিয়ায় মামদানি বলেন, বোর্ডটি আবাসন সংকট, পরিচালন ব্যয় এবং ভাড়াটে ও ছোট মালিকদের চাপকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এটি দেখে তিনি উৎসাহিত। 

তবে এ সম্ভাব্য ভাড়া স্থগিতকে ঘিরে ইতোমধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বাড়িওয়ালা ও ব্যবসায়িক গোষ্ঠীগুলো বলছে, ক্রমবর্ধমান কর, বীমা, রক্ষণাবেক্ষণ ও ইউটিলিটি খরচের মধ্যে ভাড়া স্থগিত হলে ছোট ও মাঝারি সম্পত্তির মালিকরা বড় আর্থিক সংকটে পড়বেন। 

স্মল প্রপার্টি ওনার্স অব নিউ ইয়র্ক সংগঠন এ প্রস্তাবিত সীমাকে সমালোচনা করে বলেছে, এটি অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা আইনগত জটিলতা তৈরি করতে পারে। অন্যদিকে ভাড়াটে সংগঠনগুলো এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং সম্পূর্ণ ভাড়া স্থগিতের দাবি জানাচ্ছে। তাদের মতে, নিউ ইয়র্কে আবাসন সংকট তীব্র হওয়ায় নিম্ন ও মধ্য আয়ের মানুষদের জন্য ভাড়া নিয়ন্ত্রণ জরুরি। 

রেন্ট গাইডলাইনস বোর্ডের এ প্রাথমিক ভোটে তিনটি আলাদা প্রস্তাব বিবেচনা করা হয়েছিল: ভাড়াটে প্রতিনিধিদের প্রস্তাব, মালিকপক্ষের প্রস্তাব এবং বোর্ড চেয়ারের প্রস্তাব। শেষ পর্যন্ত মাঝামাঝি অবস্থানের চেয়ারের প্রস্তাবই গৃহীত হয়। 

ভাড়াটে প্রতিনিধিরা এক বছরের জন্য ভাড়া -৩ শতাংশ থেকে শূন্য শতাংশ এবং দুই বছরের জন্য -৪ দশমিক ৫ শতাংশ থেকে শূন্য শতাংশ পর্যন্ত কমানোর প্রস্তাব দেন। অন্যদিকে মালিকপক্ষ ৩ শতাংশ থেকে ৫ দশমিক ৫ শতাংশ এবং দুই বছরের জন্য ৬ শতাংশ থেকে ৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দেয়, যা প্রত্যাখ্যাত হয়। নিউ ইয়র্ক সিটি প্রশাসনের অধীনে গত কয়েক বছরে মোট প্রায় ১২ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধির অনুমতি দেওয়া হয়েছে। তবে সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর সময় কয়েকবার ভাড়া স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

অনেকের মতে, আসন্ন চূড়ান্ত ভোট নিউ ইয়র্কের আবাসন বাজারে বড় প্রভাব ফেলতে পারে। একদিকে ভাড়াটেদের স্বস্তি, অন্যদিকে মালিকদের আর্থিক চাপ এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন বোর্ডের মূল চ্যালেঞ্জ। আগামী জুনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এখন নজর শহরবাসীর, কারণ সে ভোটই নির্ধারণ করবে নিউ ইয়র্কে ভাড়া সত্যিই স্থগিত হবে নাকি আবারও বাড়বে। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)