সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাত ও গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে ইসরায়েল নীতির প্রতি সমর্থন দ্রুত কমে যাচ্ছে বলে নতুন জরিপে উঠে এসেছে, যা দেশটির অভ্যন্তরে পররাষ্ট্রনীতি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে ঘিরে জনমতের উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। সাম্প্রতিক এক জরিপে আগের তুলনায় এখন অনেক বেশি আমেরিকান নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করছেন, বিশেষ করে তরুণদের মধ্যে এ প্রবণতা আরো বেশি। এ জরিপটি ২৩ থেকে ২৯ মার্চ ২০২৬ সালের মধ্যে পরিচালিত হয়েছিল। পিউ রিসার্চ সেন্টার এ সময়ে আমেরিকানদের মতামত সংগ্রহ করে। এর ফলাফল ১০ এপ্রিল প্রকাশিত হয়।
পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রায় ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন যা গত বছরের ৫৩ শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে ইসরায়েল সম্পর্কে খুবই নেতিবাচক দৃষ্টিভঙ্গির হারও বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে।রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মতপার্থক্য আরো স্পষ্ট। জরিপে দেখা গেছে ডেমোক্র্যাট ও তাদের সমর্থকদের মধ্যে প্রায় ৮০ শতাংশ ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন। অন্যদিকে রিপাবলিকান ও তাদের সমর্থকদের মধ্যে এই হার তুলনামূলকভাবে কম প্রায় ৪১ শতাংশ।
তবে রিপাবলিকানদের মধ্যেও বয়সভেদে বড় ধরনের পার্থক্য লক্ষ্য করা গেছে। ১৮ থেকে ৪৯ বছর বয়সী রিপাবলিকানদের মধ্যে ৫৭ শতাংশ ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মত প্রকাশ করেছেন যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে ইসরায়েল বিষয়ে দৃষ্টিভঙ্গি দ্রুত পরিবর্তিত হচ্ছে। ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যেও মতপার্থক্য রয়েছে। ইহুদি আমেরিকান এবং শ্বেতাঙ্গ ইভানজেলিক্যাল প্রোটেস্ট্যান্টদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন সবচেয়ে বেশি যথাক্রমে ৬৪ ও ৬৫ শতাংশ। অন্যদিকে ক্যাথলিক কৃষ্ণাঙ্গ প্রোটেস্ট্যান্ট ধর্মনিরপেক্ষ এবং মুসলিমদের মধ্যে সমর্থনের হার তুলনামূলকভাবে অনেক কম।
জরিপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতিও আমেরিকানদের আস্থার ঘাটতি স্পষ্ট হয়েছে। প্রায় ৫৯ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন তারা বৈশ্বিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর খুব কম বা কোনো আস্থা রাখেন না। ডেমোক্র্যাটদের মধ্যে এই অনাস্থার হার ৭৬ শতাংশ আর রিপাবলিকানদের মধ্যে ৪৪ শতাংশ।বয়সভেদে এখানেও পার্থক্য রয়েছে। ৫০ বছরের বেশি বয়সী রিপাবলিকানদের মধ্যে যেখানে ৬৬ শতাংশ নেতানিয়াহুর প্রতি কিছুটা বা বেশি আস্থা রাখেন সেখানে ৫০ বছরের নিচে এই হার মাত্র ২৫ শতাংশ।
একই জরিপে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল সংক্রান্ত নীতির প্রতিও তুলনামূলক কম আস্থা দেখা গেছে। মাত্র ৪৩ শতাংশ আমেরিকান তার এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে আস্থা প্রকাশ করেছেন। বিশেষ করে তরুণ রিপাবলিকানদের মধ্যে এই আস্থা কম যেখানে ৩০ বছরের নিচে মাত্র ৫২ শতাংশ আস্থা রাখেন বিপরীতে ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে এই হার ৯৩ শতাংশ।
জরিপে আরো জানা গেছে যুক্তরাষ্ট্রের ৫৩ শতাংশ নাগরিক ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতকে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বিবেচনা করেন। সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনা এবং গাজা পরিস্থিতির প্রেক্ষাপটে এই মতামত আরো প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সব মিলিয়ে এ জরিপের ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত দ্রুত পরিবর্তিত হচ্ছে যেখানে রাজনৈতিক মতাদর্শ বয়স এবং ধর্মীয় পরিচয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই পরিবর্তন ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।