নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 15-04-2026

নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী

নিউ ইয়র্ক সিটিতে ২ বছর বয়সী শিশুদের জন্য চালু হতে যাওয়া ‘২-কে’ চাইল্ড কেয়ার কর্মসূচি পূর্ণ দিবস এবং সারা বছরব্যাপী পরিচালিত হবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। কর্মজীবী অভিভাবকদের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ এপ্রিল ব্রুকলিনের ব্রাউনসভিলে এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, অধিকাংশ ২-কে সেবাদানকারী কেন্দ্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ কর্মদিবস এবং সারা বছর খোলা থাকবে। প্রাথমিক পর্যায়ে চালু হওয়া ২ হাজার আসনের বেশিরভাগই চলতি শরতেই এমন সম্প্রসারিত সময়সূচির আওতায় চালু হবে।

মেয়র মামদানি বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৫টার চাকরি সামলানোর পাশাপাশি বেলা ৩টার মধ্যে শিশুদের নিয়ে আসা অনেক অভিভাবকের জন্য কঠিন হয়ে পড়ে। এতে অনেকেই কাজের সময় কমাতে বাধ্য হন বা অতিরিক্ত খরচে বিকল্প চাইল্ড কেয়ারের ওপর নির্ভর করতে হয়।

নতুন ব্যবস্থায় অধিকাংশ ২-কে কেন্দ্র সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, বছরে প্রায় ২৬০ দিন চালু থাকবে এবং এর জন্য অভিভাবকদের অতিরিক্ত কোনো ফি দিতে হবে না। বর্তমানে প্রচলিত স্কুল ক্যালেন্ডার বছরে প্রায় ১৮০ দিনের। এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে পাঁচটি স্কুল ডিস্ট্রিক্টে কেন্দ্র চালু হবে। আগামী বছর আসন সংখ্যা বাড়িয়ে ১২ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে এবং মেয়রের প্রথম মেয়াদ শেষ হওয়ার আগেই পুরো শহরে এটি সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্ট পূর্ণ দিবস ও সারা বছরব্যাপী সেবা চালুর ব্যয় বহন করতে প্রথম দুই বছরের জন্য ৭৩ মিলিয়ন ডলার এবং অতিরিক্ত ৪২৫ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে।

বর্তমানে কিছু কেন্দ্র সীমিত আকারে বর্ধিত সময়ে সেবা দিলেও সেগুলো প্রয়োজনভিত্তিক এবং অনেক ক্ষেত্রে অতিরিক্ত খরচসাপেক্ষ। ফলে অনেক পরিবারকে বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হয়: যেমন আফটার-স্কুল প্রোগ্রাম, বেবিসিটার বা আত্মীয়স্বজনের সহায়তা। বিশেষ করে অনেক নারীর ক্ষেত্রে কর্মজীবন ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়। মেয়র জানান, ভবিষ্যতে ৩-কে এবং প্রি-কে কর্মসূচিগুলোকেও ধীরে ধীরে পূর্ণ দিবস ও বছরব্যাপী করার পরিকল্পনা রয়েছে।

স্কুলস চ্যান্সেলর কামার স্যামুয়েলস এ উদ্যোগকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন, এটি এমন একটি চাইল্ড কেয়ার ব্যবস্থা গড়ে তুলছে, যা বাস্তব জীবনের পারিবারিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদিও কিছু কেন্দ্র পূর্বের মতো সীমিত সময়সূচিতে পরিচালিত হতে পারে, তবে শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ কেন্দ্রই নতুন সম্প্রসারিত মডেলের আওতায় আসবে।

বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ শুধু চাইল্ড কেয়ার ব্যবস্থাকে সহজ করবে না, বরং কর্মজীবী পরিবার, বিশেষ করে নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)